মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই এ দরপতন ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলে দাবি করার পর বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। তবে ইরানের কর্মকর্তারা এই দাবি নাকচ করেছেন।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি আরও জানান, সম্ভাব্য এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জড়িত রয়েছেন।
তবে এর আগের দিন তেহরানের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার খবরকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন। একই সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির খবর আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলছে, যার ফলে তেলের দামে দ্রুত ওঠানামা দেখা যাচ্ছে।
(ঢাকাটাইমস/২৫ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































