যুদ্ধ ইতোমধ্যেই শেষ, জয় আমাদের: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা বিজয়ী। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করেছি, বিমানবাহিনী, অস্ত্রাগার এবং গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাগুলোতে হামলা চালিয়েছি। বিভিন্ন সংবাদমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছে, কিন্তু সত্য হলো আমরা জয় পেয়েছি।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, ইরানে কার্যকরভাবে সরকারের পরিবর্তন হয়েছে এবং বর্তমান নেতৃত্ব আগের নেতাদের থেকে অনেকটা ভিন্ন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এ সংলাপের সঙ্গে যুক্ত রয়েছেন।
ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে, একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে হামলা চালায়।
হামলায় ইতোমধ্যেই নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
যুদ্ধের শুরু থেকেই ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে। পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে প্রস্তাবটি তেহরানে পৌঁছানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৫ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































