মুসলিম দেশগুলোর সামরিক জোট গঠনে ইরানের আহ্বান

ইরান মুসলিম দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব রাখা হয়েছে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বুধবার আরব ও ইসলামি বিশ্বের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থিতি ছাড়া একটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে।’ তিনি মার্কিন ও ইসরাইলি আগ্রাসনকে ইরানের বিরুদ্ধে একটি ‘নতুন পর্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরান ইসলামি উম্মাহর রক্ষার অগ্রভাগে রয়েছে।
জোলফাগারি আরও বলেন, বহিরাগত শক্তির ওপর নির্ভর না করে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলাম ও কোরআনকে ভিত্তি হিসেবে ধরে সম্মিলিত নিরাপত্তা সনদে এগোতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে শত্রুতা তীব্র হয়ে উঠেছে। জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































