লঞ্চের ধাক্কায় রাঙ্গাবালীর তরমুজবোঝাই ট্রলারডুবি, দুই চাষির মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে দুই চাষির মৃত্যু হয়েছে। বাউফল উপজেলার বামনিকাঠি সংলগ্ন লোহালিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার ভোররাতে ট্রলারডুবির এ ঘটনা ঘটলেও দুপুরে উদ্ধার করা হয় নিহতদের মরদেহ। তাদের নাম রেজাউল করিম ও নাসির উদ্দিন। রেজাউল করিম রাঙ্গাবালী উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা ও ওয়াজেদ হাওলাদারের ছেলে। নাসির উদ্দিন চরবেষ্টিন এলাকার আলী ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গাবালীর চরমোন্তাজ এলাকা থেকে প্রায় ৪০০টি তরমুজ নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন কয়েকজন চাষি। পথিমধ্যে লোহালিয়া নদীতে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারে মোট ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রেজাউল করিম ও নাসির উদ্দিন নিখোঁজ হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আজ দুপুরের দিকে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীপথে চলাচলে নিরাপত্তা জোরদার না হলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়দের বাসিন্দারা।
(ঢাকাটাইমস/২৫মার্চ/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































