বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
শ্রীপুরে ব্যবসায়ীকে হুমকি, পুলিশ সদরদপ্তরে ভুক্তভোগীর অভিযোগ

মাগুরার শ্রীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগে সাবেক শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে পিবিআই ঢাকা ইউনিটে কর্মরত মো. জাব্বারুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নির্যাতন এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ আনা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শেখ আবু সাঈদ (২৭) শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
অভিযোগে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ার্দার রিয়ার সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তৎকালীন ওসি মো. জাব্বারুল ইসলাম তাকে থানায় ডেকে নিয়ে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী দাবি করেন, এক পর্যায়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার বাবার কাছ থেকে ৩৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এরপরও তাকে একটি মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্বর্ণালী জোয়ার্দার রিয়ার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগীকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগে বলা হয়।
ভুক্তভোগীর দাবি, তাকে ও তার পরিবারকে চুপ রাখতে এবং কোনো অভিযোগ না করতে চাপ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন বিচার চাইতে পারেননি। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ন্যায়বিচারের আশায় তিনি এই অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জাব্বারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ঢাকাটাইমস। তিনি অভিযোগ শুনে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































