আত্মগোপনে থাকা সাবেক এমপি সফুরা বেগম রুমী মোহাম্মদপুরে গ্রেপ্তার

লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার রাতের দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে আটক করা হয়।
অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। তিনি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
লালমনিরহাট জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































