মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পুনরায় স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে সাময়িকভাবে ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংস্থাটি পূর্ণাঙ্গভাবে রুটগুলোতে কার্যক্রম পুনরায় চালু করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তারা বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এসব রুটে যাত্রী চাহিদা বিবেচনায় সেবা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা–দোহা রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহা এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।
এছাড়া ঢাকা–মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও মাস্কাট থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছাচ্ছে। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই রুটেও প্রতিদিন ফ্লাইট চালু রয়েছে।
আবুধাবি রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ব্যতীত) এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু রয়েছে।
মধ্যপ্রাচ্যের এসব রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০ অন্তর্ভুক্ত।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রবাসী যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে মদিনা ও দাম্মাম রুটে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।
(ঢাকাটাইমস/২২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































