বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণা এবং তেলের দামের পতনের ফলে মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্স’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক সম্মতি এখনো স্পষ্ট নয়।
বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, যুদ্ধবিরতি সম্প্রসারণ বাজারে আপাত স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও পরিস্থিতি ভঙ্গ হলে ডলার ও তেলের দাম বাড়তে পারে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।
বিশ্লেষকদের মতে, তেলের দামের ওঠানামা সরাসরি বৈশ্বিক মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের অন্যান্য সুদবাহী সম্পদের দিকে আকৃষ্ট করতে পারে, ফলে স্বর্ণের চাহিদা ওঠানামা করে।
আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড সতর্ক করে বলেছে, স্বর্ণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি স্থিতিশীল নয় এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে, যদিও দীর্ঘমেয়াদে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১.৭ শতাংশ, ১.৭ শতাংশ এবং ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
(ঢাকাটাইমস/২২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































