কসবায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফাহাদ মিয়া ওই গ্রামের ফারুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে ফাহাদ।
সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
(ঢাকাটাইমস/১৪মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































