বিশ্ববাজারে বাড়ল স্বর্ণ-রুপার দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে তৈরি হওয়া ইতিবাচক প্রত্যাশার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। আজ বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম বেড়েছে। খবর রয়টার্স’র।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯.৬৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এটি গত ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
আগামী জুনে সরবরাহের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২.৩০ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানে আবারও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে, যদিও শেষ মুহূর্তে তিনি সম্ভাব্য হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং নতুন করে সামরিক সংঘাত কেউই চায় না।
ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অ্যানা পলসন বলেছেন, বর্তমান সুদের হার সাময়িকভাবে উপযুক্ত এবং এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করছে।
এদিকে রয়টার্সের এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ মনে করছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারে। এতে সুদের হার কমার সম্ভাবনা আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
বিশ্ব অর্থনীতির এই অনিশ্চয়তার মধ্যেই বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের আসন্ন নীতি নির্ধারণী সভার কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট সিলভার বা রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪.৫৫ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৯২৬.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫.৫০ ডলারে দাঁড়িয়েছে।
(ঢাকাটাইমস/২০ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































