রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৬, ১২:১২
অ- অ+

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে আইনমন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার দ্রুততম বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরেকজন জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে, যাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

নিহত শিশুর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা গ্রামের বাড়িতে তাকে দাফন করেন।

এদিকে ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাটির তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক