বিশ্ববাজারে টানা কমছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে— এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।
বার্তা সংস্থা Reuters–এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ১১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।
এ ছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার রয়টার্সকে বলেন, “স্বর্ণের দাম কমার প্রধান কারণ হচ্ছে শক্তিশালী ডলার। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকায় ডলারের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।”
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও কমেছে। শুক্রবার রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।
এ ছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯৫৫ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৫ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম
দেশীয় বাজারে বর্তমানে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এ ছাড়া—
২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












