চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উল্লাসে প্যারিসে সহিংসতা, গ্রেপ্তার ৪১৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উদযাপন সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ২৮০ জনই রাজধানী প্যারিস থেকে আটক করা হয়েছে। রোববার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
পিএসজির জয়ের পর প্যারিসের বিভিন্ন এলাকায় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আনন্দ উদযাপন শুরু করে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকটি এলাকায় আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করা হয়। কোথাও মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, পাশাপাশি কিছু দোকান ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এ ঘটনায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ এসব ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন এবং সহিংসতার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের পর উদযাপন সহিংসতায় রূপ নিয়েছিল, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটে।
এদিকে পিএসজির বিজয় উদযাপনে রোববার প্যারিসে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে খেলোয়াড়দের অংশগ্রহণের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাদের সাক্ষাতেরও কথা রয়েছে।
(ঢাকাটাইমস/৩১ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













