যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা, পরে আত্মহত্যা বন্দুকধারীর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১০:১০
অ- অ+

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধের জেরে নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে একটি বাড়ি থেকে গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে একই পরিবারের চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী তদন্তে পুলিশ শহরের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে আরও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করে। তাদের একজনকে একটি বাড়িতে এবং অন্যজনকে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, নিহত সবাই হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।

পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করেছে। ঘটনার পর তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মিসিসিপি নদীর তীরবর্তী রিভারফ্রন্ট ট্রেইলের একটি পথচারী সেতুর কাছে পুলিশ তাকে ঘিরে ফেলে।

পুলিশের মুখোমুখি অবস্থায় রায়ান নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

মাসকাটিন পুলিশের প্রধান অ্যান্থনি কিস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ সম্প্রদায়ের ওপর নেমে আসা এই ভয়াবহ ট্র্যাজেডি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। তবে ঘটনার পর বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

নিহতদের পরিচয় ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার পেছনের প্রেক্ষাপট জানতে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অনেক বিচারক বেলা ১১টায় এসে দেড়টা-দুইটায় চলে গেলে চলবে না’: আইনমন্ত্রী
হরমুজ প্রণালীতে জাহাজে আগুন
তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে বের হয়েছিল রক্ত: সুরতহাল প্রতিবেদন
তাহসিফ সাউরির মৃত্যু, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী