থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার, মামলার প্রস্তুতি

রংপুর নগরীর কোতোয়ালি থানায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান, উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা, ডিউটি অফিসার মেহেরুন্নেসা, নারী কনস্টেবল লিমা সরেন এবং কনস্টেবল বাসুদেব। তাদের সবাইকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
এর আগে বুধবার (৩ জুন) রাতে কোতোয়ালি থানার ভেতরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলামকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর রাতেই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরে আরও দুজনকে সেই তালিকায় যুক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক দল। এতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম জিম অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার ঘটনা অতীতের রাজনৈতিক দমন-পীড়নের স্মৃতি মনে করিয়ে দেয়। তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের পাশাপাশি আইনগত ব্যবস্থার দাবি জানান।
জহির আলম নয়ন বলেন, “মানুষ নিরাপত্তার আশায় থানায় যায়। সেখানে যদি একজন রাজনৈতিক নেতাকেই মারধরের শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
তিনি আরও জানান, দলীয় নেতাকর্মী ও ভুক্তভোগীর সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































