ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রবিবার (৭ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের অন্যতম প্রধান বন্দরনগরী হাইফা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ায় বিমানঘাঁটিটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে ইরান আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যথাযথভাবে বাস্তবায়ন করেনি। তেহরানের ভাষ্য অনুযায়ী, লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখা এবং আঞ্চলিক জলসীমায় উত্তেজনা সৃষ্টির মাধ্যমে যুদ্ধবিরতির চেতনা লঙ্ঘন করা হয়েছে।
এছাড়া ইরান দাবি করেছে, তাদের বন্দর ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের হামলা ও অবরোধমূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে রোববারের ক্ষেপণাস্ত্র হামলাকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের এই সামরিক বাহিনী।
তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল ও তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































