হামলার আশঙ্কায় ইরানের আকাশসীমা বন্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ০৮:৫৫
অ- অ+

ইসরায়েলের পালটা হামলার আশঙ্কায় দেশের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইরান। খবর তাসনিম নিউজ’র।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শুধু ইরানই নয়, সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ইরাক ও সিরিয়াও। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের ধারণা, অতীতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইসরায়েল ইরাক ও সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আরও বৃহৎ পরিসরে পালটা আঘাত হানা হবে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছিল, তার অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখা। তবে লেবাননে অভিযান চালানোর পাশাপাশি হরমুজ প্রণালি, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের উপকূলীয় এলাকা এবং বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

সংগঠনটি আরও অভিযোগ করে, কূটনৈতিক আলোচনা চলমান থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে এবং দেশটির বিরুদ্ধে একের পর এক সামরিক পদক্ষেপ নিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “রোববার রাতের অভিযান ছিল একটি সতর্কবার্তা।” একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তার জবাব হবে আরও ব্যাপক ও কঠোর।

অন্যদিকে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, তেহরানের পদক্ষেপের জবাব হবে “শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ”।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান অন্তত তিন দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

ইসরায়েলি সূত্রগুলোর একজনের দাবি, অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিকেই লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় রামাত ডেভিড বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। সে কারণেই ঘাঁটিটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

পাল্টাপাল্টি হুমকি, ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক প্রস্তুতির কারণে ইরান-ইসরাইল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় বিশ্ব বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯
ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা