ইরানে ইসরায়েলের পাল্টা বিমান হামলা, একাধিক শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১০:৫০| আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:১১
অ- অ+

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।

আজ সোমবার (৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল মূলত সামরিক স্থাপনা, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে রোববার রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা দাবি করে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং জনসাধারণকে সতর্ক করা হয়।

ইসরায়েলি সামরিক সূত্র জানায়, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রাণঘাতী হামলার পর সম্ভাব্য নতুন গোলাবর্ষণের আশঙ্কায় দেশটি উচ্চ সতর্কতায় রয়েছে।

এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে শক্ত প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানের হামলাকে “সত্যের মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলকে অবশ্যই তার সার্বভৌম সক্ষমতা প্রদর্শন করতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে পাল্টা বড় ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মন্তব্য করে তেহরানের বিরুদ্ধে কঠোর জবাবের আহ্বান জানান। অন্যদিকে বিরোধী রাজনীতিক ইয়ার গোলান সরকারকে দুর্বল নেতৃত্বের জন্য সমালোচনা করেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মূল্যস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ: রোগের চিকিৎসা, নাকি উপসর্গের ব্যবস্থাপনা?
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও পতন
গাজীপুরের পূবাইলে ১০ ফুট লম্বা ডাটা শাখ উৎপাদন কৃষক ফেরদৌসের বাগানে দর্শনার্থীদের ভিড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা