নতুন সংঘাতের ঝুঁকি, বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, অঞ্চলটি ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন।
গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটছে। তার ভাষায়, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা ছিল, সেখানে এখন তা দুর্বল বা সীমিত মাত্রার সংঘাতে পরিণত হয়েছে।
তিনি আরও সতর্ক করেন, সীমিত সংঘাত যে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াবে না—এমন নিশ্চয়তা নেই। এ ধরনের ঝুঁকিকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং বলেন, সংকট সমাধানে কূটনৈতিক পথই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প। তার ভাষায়, “আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়”—সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হতে হবে।
(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































