আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত

ভারতের আসাম রাজ্যের যোরহাটে শনিবার (১৩ জুন) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বিমানটি বিমানঘাঁটির ভেতরেই দুর্ঘটনার কবলে পড়ে এবং মুহূর্তের মধ্যেই এতে আগুন ধরে যায়।
ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বিমানটি এয়ার ফোর্স স্টেশনের অভ্যন্তরে ভেঙে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও এখনো প্রকাশ করা হয়নি। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেন, যোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে সরকার অবগত রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।
এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর বহরে ব্যবহৃত হয়ে আসছে। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে তাদের বহরে রয়েছে। দুর্গম ও উচ্চভূমি অঞ্চলে রসদ পরিবহন, সেনা সদস্য স্থানান্তর এবং বিশেষ সামরিক অভিযানে বিমানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একসঙ্গে প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম এই পরিবহন বিমান।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি Sukhoi Su-30MKI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটির সঙ্গে স্থল নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
সাম্প্রতিক এ দুর্ঘটনার পর ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ নিরাপত্তা ব্যবস্থা এবং বহরে থাকা পুরোনো পরিবহন বিমানের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































