মমতার বাড়ির সামনে কুণালের ওপর পচা ডিম নিক্ষেপ, দুজন গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের নাম চন্দন ও রবি বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় কালীঘাট এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বের হওয়ার সময় কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ সময় একটি গলির ভেতর থেকে কয়েকটি ডিম ছুড়ে মারা হয়, যার কয়েকটি তার মাথা ও পিঠে লাগে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা হামলাকারীকে ধরার চেষ্টা করেন। পরে কুণাল ঘোষ থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, অতীতে বহু চাপের মুখেও তিনি দমে যাননি এবং এ ধরনের ঘটনায় তাকে ভয় দেখানো যাবে না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
তবে অভিযুক্তদের একজন দাবি করেন, কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
এদিকে ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের একাংশ নেতারা এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































