দীর্ঘ চার মাস আটকে থাকার পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১০:১৯
অ- অ+

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ দীর্ঘ চার মাসের জটিল পরিস্থিতি শেষে হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পাড়ি দেয়।

বর্তমানে জাহাজটি জ্বালানি গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিএসসি সূত্র জানিয়েছে, ৩১ জন বাংলাদেশি ক্রু ও নাবিক সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ অবস্থায় রয়েছেন।

জাহাজটি গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে ২৭ ফেব্রুয়ারি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ওই সময় মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত তীব্র হয়ে ওঠায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে নৌপথে অস্থিরতা দেখা দেয়।

পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকে পড়ে। ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর কুয়েতের উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে তা পরিবর্তন হয়। পরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার জন্য সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়।

তবে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান উত্তেজনার কারণে একাধিকবার যাত্রা স্থগিত হয়। এক পর্যায়ে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়।

পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং পরবর্তী কূটনৈতিক অগ্রগতির পর পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ সরকারের উদ্যোগে পুনরায় যাত্রার সুযোগ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাজটি সোমবার রাতে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা
অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে
বিশ্বকাপ ফুটবলে ২৪ ঘণ্টায় তিন তারকা মেসি-এমবাপ্পে-হালান্ডের জোড়া গোলের জয়
আজ ঐতিহাসিক পলাশী দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা