বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।
এর আগে প্রাথমিক কূটনৈতিক আলোচনার পর ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত এবং লেবাননে যুদ্ধবিরতির খবরের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম একসময় ৩ শতাংশের বেশি কমে যায়। তবে পরবর্তীতে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা এবং রাজনৈতিক হুঁশিয়ারির কারণে বাজারে আবার অস্থিরতা তৈরি হয়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং চলমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিনিয়োগকারীরা এখনও পুরোপুরি আস্থা ফিরে পাননি। ফলে তেলের দামে স্থিতিশীলতা আসতে সময় লাগতে পারে।
এদিকে জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে একাধিক তেলবাহী ট্যাংকার পার হয়েছে। তবে পরিস্থিতি এখনও নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
অন্যদিকে মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে তেলের মজুত কমে ৩৩১.২ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়।
(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































