শান্তি আলোচনায় দ্রুত বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় বৈশ্বিক বাজারে তেলের দাম আরও কিছুটা কমেছে।
বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ কমে ৭৭ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেল পরিবহন কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বাস্তব অগ্রগতি কতটা অর্জিত হয়, এখন বিনিয়োগকারীদের প্রধান নজর সেদিকেই।
এদিকে, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় ইরান যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের পুনরায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। পর্যবেক্ষকদের মতে, এটি দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও কমে এলে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।
(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































