ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা, গুরুতর আহত ১

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তিনি আশঙ্কামুক্ত।
ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বের হয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
ফরেনসিক ও পুলিশ দল ঘটনাস্থল সিলগালা করে আলামত সংগ্রহ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































