ভারতের গুজরাটে আবারও ভাঙা হলো মসজিদ-মাজারসহ ৩০টি স্থাপনা

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম নোটিশ ছাড়াই তিনটি মসজিদ ও কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের এই অভিযানের পর ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেটের প্রতিবেদনে সোমবার (৩০ জুন) বলা হয়, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা। একই সঙ্গে টার্কিশ গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত একটি ভিডিওতে মসজিদ ভাঙার দৃশ্য দেখা যায়।
ঘটনার পর জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা হাকিমুদ্দিন কাশমী। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।
ভাঙা স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদও রয়েছে। মসজিদের খাদেম জানান, হঠাৎ অভিযান চালিয়ে এটি গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, বাধা দিতে গেলে তাদের আটক করার হুমকি দেওয়া হয়েছিল।
স্থানীয়দের দাবি, ১৯৬৫ সাল থেকে জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ছিল। নান্দনিক নির্মাণশৈলীর কারণে এটি স্থানীয়ভাবে পরিচিত ধর্মীয় স্থাপনা ছিল।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদের সময় তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে যেতে দেয়নি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আদিপুর এলাকার আরও একটি মসজিদও এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে, যার মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































