আত্রাইয়ে এক হাজার দুঃস্থকে মানবিক সহায়তার চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তার চাল এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু তাদের হাতে চাল তুলে দেন।
বুধবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, আত্রাই-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।
উপজেলার আটটি ইউনিয়নের মোট ১ হাজার অসহায় ও দুঃস্থ মানুষকে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সবসময় দেশের সাধারণ ও মেহনতি মানুষের পাশে রয়েছে।
দুর্যোগের এই সময়ে কোনো মানুষ যেন খাদ্যের কষ্টে না ভোগে, সে লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে সংসদ সদস্য আরও বলেন, ‘আত্রাই উপজেলার প্রতিটি দুঃস্থ ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, এই ত্রাণ বিতরণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে হয়েছে এবং তালিকাভুক্ত প্রকৃত দুঃস্থদের মাঝে বণ্টন করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান প্রমুখ।,
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি ও সভাপতি নিজ হাতে উপস্থিত দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ৩০ কেজি করে চালের বস্তা তুলে দেন।
(ঢাকাটাইমস/১জুলাই/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































