অবহেলা-দুর্নীতিতে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানে অবহেলা ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানেই চাকরিচ্যুত করা হবে। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে সেখানে নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করার পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে চলতি বছরেই বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের। জনগণের সেবা নিশ্চিত করে দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিই মূল লক্ষ্য।
তিনি এবারের বাজেটকে ‘আদর্শের বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেন, এই বাজেটের প্রতিটি উদ্যোগ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া। উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































