সিরাজগঞ্জে পানির পাম্পের পাইপলাইনে মিলছে জ্বালানি গ্যাস, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাস-সদৃশ পদার্থের সন্ধান পাওয়া গেছে। পানির সঙ্গে বুদবুদ উঠতে দেখে স্থানীয়রা আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বেলকুচি থানা সংলগ্ন ‘মাজেম মিয়ার গড়ান’ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় স্থাপিত পানির পাম্পের সরবরাহ লাইনে পানির সঙ্গে বুদবুদ উঠতে দেখা যায়। বিষয়টি পরীক্ষা করতে স্থানীয়রা সেখানে আগুন ধরিয়ে দিলে পানির পাইপের মুখে আগুন জ্বলতে থাকে। পরে খবর পেয়ে পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন।
ঘটনার পর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক পরীক্ষায় পানির লাইনে গ্যাস-সদৃশ পদার্থের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির একটি প্রতিনিধি দল ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা চালিয়ে পানির লাইনে গ্যাসের নমুনা পাওয়ার কথা জানিয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাপেক্সের প্রতিনিধি দল এসে নমুনা সংগ্রহ ও ল্যাব পরীক্ষার পর এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায়, তা নিশ্চিত হওয়া যাবে। নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত পানির পাম্পটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিল্লোল জানান, প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কোন ধরনের গ্যাস এবং কীভাবে সেখানে এসেছে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
তিনি বলেন, পুনরায় পরীক্ষা করে দেখা হবে পানিতে আগুন জ্বলার বিষয়টি। পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বাপেক্সকে জানানো হবে।
(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































