চালক-হেলপারকে উদ্ধার

৯৯৯-এ ফোনের দুই ঘণ্টার মধ্যে ডাকাতি হওয়া গরুভর্তি ট্রাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৫:৩৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়কে ডাকাতির শিকার হওয়া ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই একটি ট্রাক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার প্রায় দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করা হয়।

ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনিট্রাকসহ বিভিন্ন আলামতও জব্দ করেছে পুলিশ। তবে ডাকাতেরা পালিয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম শাখা জানায়, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীর একটি পশুর হাটে ৩১টি ষাঁড়-বাছুর নিয়ে যাচ্ছিল ট্রাকটি। পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত ট্রাকটি থামায়। পরে চালক ও হেলপারকে মারধর করে তাদের হাত-পা ও চোখ বেঁধে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা এক রাখাল পালিয়ে গিয়ে ট্রাকের মালিকপক্ষকে বিষয়টি জানান। পরে মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, বিজয়নগর থানা ও সরাইল থানাকে বিষয়টি জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আকবর হোসেন। পুরো অভিযানে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই শহিদুল ইসলাম।

খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল ট্রাকটির পিছু নেয়। পরে সরাইল থানা পুলিশের সদস্যরাও অভিযানে যোগ দেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ৯৯৯-কে জানান, পুলিশের ধাওয়া টের পেয়ে ডাকাতেরা ঢাকা-সিলেট মহাসড়ক ছেড়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে প্রবেশ করে।

পুলিশ জানায়, বেতার বার্তার ভিত্তিতে ধরন্তী সেতু এলাকায় চেকপোস্ট বসানো হলে ডাকাতেরা সেটি ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ারও চেষ্টা করা হয়। পরে ধরন্তী এলাকায় ট্রাকটি ফেলে পাশের হাওরে পালিয়ে যায় ডাকাতেরা।

ঘটনাস্থল থেকে ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনিট্রাক, একটি ব্যাগ, আইফোন-৬ প্লাস মডেলের একটি মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র ও চাবি উদ্ধার করা হয়। একই সঙ্গে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ট্রাকচালক হায়দার আলী এবং তার সহকারী মো. হুমায়ুন কবির বিপ্লবকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিশ্বকাপ সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে, খেলা কখন
গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি
নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা