ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ব্যাংককের বার, নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-এর একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। রবিবার (১২ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বারের ভেতরে আটকে পড়া লোকজন আগুনে ঘেরা প্রধান দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে অনেকেই নিরাপদে বের হতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর থেকে আগুনের বিশাল শিখা বের হতে, আতঙ্কিত মানুষকে দৌড়ে পালাতে এবং চিৎকার করতে দেখা গেছে। কয়েকজনকে আগুনে দগ্ধ অবস্থায়ও দেখা যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে ব্যাপক প্রাণহানি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন।
এছাড়া ৬০ জনের বেশি আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম থাইরাথ জানিয়েছে, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































