দাবানলের ধোঁয়ার কারণে কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলজাত পানীয়ের ওপর বৈষম্যমূলক শুল্ক ও কোটা আরোপ করে আসছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়া নিয়েও উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ ঘোষণা এলো।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশ জারির ৩০ দিন পর নতুন শুল্ক কার্যকর হবে। ১৯৩০ সালের মার্কিন শুল্ক আইনের ৩৩৮ ধারা অনুযায়ী কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের ওপর এই ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্যগুলো ‘মার্কিন-মেক্সিকো-কানাডা (ইউএসএমসিএ)’ বাণিজ্য চুক্তির আওতায় উৎপাদিত হলেও এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। তবে জ্বালানি, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো কয়েকটি নির্দিষ্ট পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে।
হোয়াইট হাউসের দাবি, কানাডার আরোপিত শুল্ক ও কোটার কারণে দেশটিতে মার্কিন গাড়ি রপ্তানি ২২ শতাংশ এবং অ্যালকোহল রপ্তানি প্রায় ৮১ শতাংশ কমে গেছে। এসব বৈষম্য দূর করে মার্কিন ব্যবসা ও শিল্পকে সুরক্ষা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে সাম্প্রতিক দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়া নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই আলোচনায় কানাডাকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এবং তা না হলে অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেন।
বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে। এর আগে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছিল মূলত চীন ও কানাডা।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































