শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে টিকিট পরিদর্শক (টিটিই) মারধর করায় রেলপথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) ছাত্র বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে টিটিই সুমন যাত্রীদের কাছ থেকে সরকারি রসিদ না দিয়ে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর সঙ্গে টিটিইর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন সহপাঠীরা।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্টেশনে পৌঁছানোর আগেই তাকে একটি আগের স্টেশনে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা।
ঘটনার প্রতিবাদে রাবি শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। তারা অভিযুক্ত টিটিই সুমনকে শিক্ষার্থীদের সামনে হাজির করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর ওপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
অবরোধের কারণে ট্রেন চলাচলে ভোগান্তির জন্য সাধারণ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে। তবে অভিযুক্ত টিটিইকে হাজির না করা পর্যন্ত রেললাইন ছাড়বেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































