ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-তে ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা’ শীর্ষক বক্তৃতা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিএসসিএসসির আমন্ত্রণে চলমান কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ উপস্থাপনা করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মোট ৩৫৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তৃতায় মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান এবং স্বাধীনতার পর দেশের নিরাপত্তা ও জনকল্যাণে তাদের ভূমিকা তুলে ধরেন। তিনি শান্তিকাল ও যুদ্ধকালে বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মোতায়েন পরিকল্পনা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাহিনীর সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনাও উপস্থাপন করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, নির্বাচনকালীন দায়িত্ব পালন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। তৃণমূল পর্যন্ত বিস্তৃত সদস্যভিত্তিক এই বাহিনী জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তৃতা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দেশি-বিদেশি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। পরে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































