চোর চক্রের সন্ধানে পুলিশের অভিযান, ২০ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৮

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮), সায়েদ (২৫), মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামাল (৫২)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ জুন ভাটারা থানাধীন বসুন্ধরা গেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আল-আমিনের অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় মামলা হয়।
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ জুন, ২৮ জুন এবং ১ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোহেল, রিপন, রাব্বি ও সায়েদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখে সোমবার রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে আরও অভিযান চালানো হয়। অভিযানে মারুফ, আশিক, সোহেল ও জামালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।
গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































