নাটোরে রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রুশ নাগরিকসহ আহত ১২

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফিরোজ হোসেন (১৬) দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ফিরোজ নিহত হন।
দুর্ঘটনায় উভয় যানবাহনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আটজন রুশ নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চারজন নারী।
খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এ সময় তারা চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































