বগুড়ায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। নিহত অপর তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। সকাল ১০টার দিকে পিকআপটি কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়া থেকে নওগাঁগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লুৎফর রহমান। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































