প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের করা সাইবার নিরাপত্তা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তাসংক্রান্ত একটি মামলা করা হয়। মামলার পর প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে এসে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, গত ২৯ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গাজী সালাউদ্দীন তানভীরের দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল অভিযোগ করেন, পোস্টটি আপত্তিকর ও মানহানিকর।
তার অভিযোগের ভিত্তিতে গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তাসংক্রান্ত মামলা করা হয়। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে দেন।
মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবমাননা করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।
দলের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়, তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
গাজী সালাউদ্দীনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি দাবি করেন, হবিগঞ্জ ও সিলেটে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে গাজী সালাউদ্দীন তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। পরে আপত্তি জানানো হলে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে জানান।
সারজিস আলম অভিযোগ করেন, ক্ষমতার পালাবদলের পর বিএনপি সেই একই আচরণ করছে, যার বিরুদ্ধে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে।
তিনি সিলেটে ছাত্রদলের হামলায় ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগরে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার এনসিপির রাজনীতিতে যুক্ত হন।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































