দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১৫:৪৭
অ- অ+

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না।” একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, “আরেকটি বিপ্লব আসন্ন” এবং সে জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “পাপের পরিণতি পেতে কিছুটা সময় লাগে। কিন্তু একসময় সেই পাপই পচে গিয়ে ঝরে পড়ে। এখন সেই পাপে পচন ধরেছে। সরকার যদি তা বুঝতে পারে, তাহলে ভালো। না বুঝতে পারলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না।”

তিনি অভিযোগ করে বলেন, অতীতে যারা জুলুম-নির্যাতনের শিকার ছিলেন, তারাই এখন একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করছেন। “ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ আপনাদের ফ্যাসিবাদী বলবেই। তাই ফ্যাসিবাদী আচরণ পরিহার করুন। জনগণকে সম্মান করলে জনগণও আপনাদের সম্মান করবে।”

জামায়াত আমির বলেন, “আমরা সবাই দেশকে ভালোবাসি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না।”

তিনি আরও বলেন, “আমাদের জনমত ও গণরায় মেনে নিন। জনগণের রায়কে অপমান করে কেউ টিকে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষী, যারা জনগণের রায় অস্বীকার করেছে, তাদের অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে।”

ডা. শফিকুর রহমানের ভাষ্য, বিভিন্নভাবে আপসের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং নানা ধরনের প্রলোভনও দেখানো হচ্ছে। তবে জনগণের উদ্দেশে তিনি বলেন, “দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণরায়ের পাহারাদারি আমরা করব, ইনশাআল্লাহ। কোনো কিছুর বিনিময়ে, এমনকি জীবনের বিনিময়েও আমরা এই দাবি থেকে সরে আসব না।”

তিনি বলেন, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। “আমরা ফ্যাসিবাদমুক্ত, মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে সাবেক ফিলিস্তিনি মন্ত্রীর পরিবারের ১১২ জনের মরদেহ উদ্ধার
স্পেনের সেউতায় অভিবাসীদের ঢলে প্রাণহানি বেড়ে ৭৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা