যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড-নাগরিকত্বের আবেদনে নতুন নিয়ম, অনলাইন ছাড়া মিলবে না সুবিধা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৫:১৮
অ- অ+

অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধার জন্য শিগগিরই অনলাইনে আবেদন বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের আবেদনের পাশাপাশি কাজের অনুমতিপত্রসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আবেদন থাকবে। আবেদন প্রক্রিয়া সহজ করা এবং পরিচালন ব্যয় কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) সোমবার ফেডারেল রেজিস্টারে এ-সংক্রান্ত নতুন নিয়ম প্রকাশ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো অভিবাসন সুবিধার আবেদন অনলাইনে জমা দেওয়ার সুযোগ অন্তত ১৮০ দিন ধরে চালু থাকলে পরবর্তী সময়ে সেটি অনলাইনেই জমা দিতে হবে। অর্থাৎ ওই আবেদনের ক্ষেত্রে কাগজে আবেদন করার সুযোগ আর থাকবে না।

এ ছাড়া ভবিষ্যতে আরও কিছু আবেদন শুধু অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। তবে কোনো আবেদন পুরোপুরি অনলাইনভিত্তিক করার আগে অন্তত ৬০ দিনের নোটিশ দিতে হবে।

নতুন নিয়মের আওতায় গ্রিন কার্ডের নতুন আবেদন ও নবায়ন, পরিবারের মাধ্যমে অভিবাসনের আবেদন, মার্কিন নাগরিকত্বের আবেদন, আশ্রয়ের আবেদন, কাজের অনুমতিপত্র এবং সাময়িক সুরক্ষিত মর্যাদার (টিপিএস) আবেদনসহ বিভিন্ন প্রক্রিয়া আসবে।

আবেদনকারীদের সাধারণত ইউএসসিআইএসের অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে আবেদন করতে হবে। অনলাইনে সরাসরি আবেদনপত্র পূরণের পাশাপাশি আগে পূরণ করা আবেদনপত্রের পিডিএফ কপি ও প্রয়োজনীয় নথিও আপলোড করা যাবে।

ইউএসসিআইএস জানিয়েছে, কাগজভিত্তিক আবেদন থেকে দ্রুত ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার লক্ষ্যেই এ নিয়ম করা হয়েছে। এর ফলে ডাকযোগে পাঠানো কাগজপত্র গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য আলাদা ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও দ্রুত হবে।

কর্তৃপক্ষের মতে, অনলাইন ব্যবস্থায় আবেদনপত্রের ভুল কমানো সম্ভব হবে। একই সঙ্গে জমা দেওয়া তথ্য দ্রুত খুঁজে পাওয়া ও বিশ্লেষণ করা যাবে। এতে জালিয়াতি শনাক্তকরণ এবং আবেদনকারীদের নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে।

তবে যারা অনলাইনে আবেদন করতে সক্ষম নন, তাদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীকে আলাদা আবেদন করে কাগজে আবেদন করার অনুমতি চাইতে হবে। ইউএসসিআইএস প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এ ধরনের ছাড়ের আবেদনের জন্য ২৫ মার্কিন ডলার ফি দিতে হবে।

অভিবাসন আবেদন ব্যবস্থায় কাগজের ব্যবহার কমানোর অন্যতম কারণ এর বিপুল ব্যয়। ২০২৫ অর্থবছরে ইউএসসিআইএস ১ কোটি ৪০ লাখের বেশি অভিবাসন সুবিধার আবেদন প্রক্রিয়া করেছে। একই সময়ে ডাকযোগে আসা কাগজপত্র গ্রহণের কেন্দ্রগুলোতে প্রায় ৪৫ কোটি ৩০ লাখ পৃষ্ঠা কাগজের আবেদন সামলানো হয়েছে।

এসব কাগজের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের ব্যবস্থা পরিচালনায় ইউএসসিআইএসের প্রায় ৩৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। শুধু ডাক খাতেই ব্যয় হয়েছে এক কোটি ডলারের বেশি।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের (ডিএইচএস) মতে, অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হলে কাগজপত্র গ্রহণ, তথ্য কম্পিউটারে তোলা, ডাকযোগে পাঠানো, সংরক্ষণ ও স্ক্যান করার খরচ কমবে। একই সঙ্গে আবেদন যাচাই ও সিদ্ধান্ত দেওয়ার প্রক্রিয়াও দ্রুত হবে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন আবেদন প্রক্রিয়া ধীরে ধীরে কাগজভিত্তিক ব্যবস্থা থেকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের দিকে এগোবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্টে আগ্রহী: জ্বালানি মন্ত্রী
ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত
১০৭ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা