কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল কারা?

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার দুপুরে এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে এক যুবককে স্মৃতিস্তম্ভের সামনে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান।
ওই যুবককে আরও বলতে শোনা যায়, ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানব না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’
কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন। তার অভিযোগ, ‘পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতা’ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িত ব্যক্তিদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিগগির কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরাসরি আগুন জ্বলতে দেখা যায়নি। তবে আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো দাগ সৃষ্টি হয়, স্মৃতিস্তম্ভে তেমন চিহ্ন দেখা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































