শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে কয়েকজনকে আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় হানিট্র্যাপের অভিযোগে কয়েকজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে টেপিরবাড়ি আকন্দর টেক্সটাইল মিলস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র কৌশলে বিভিন্ন যুবককে নারীর মাধ্যমে দেখা করার জন্য নির্দিষ্ট স্থানে ডেকে আনত। পরে তাদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করা এবং বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করা হতো।
এলাকাবাসীর দাবি, একই কৌশলে কয়েকজন যুবককে ওই এলাকায় ডেকে আনার পর তাদের সঙ্গে থাকা ব্যক্তিরা ভিডিও ধারণ ও টাকা দাবি করার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে টার্গেট ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে নির্দিষ্ট স্থানে দেখা করার কথা বলে সেখানে ডেকে এনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হতো।
তবে আটক ব্যক্তিরা সত্যিই হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত কি না, কিংবা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটুকু—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এমন প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন এলাকাবাসী। তবে আটক ব্যক্তির সংখ্যা ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেননি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































