পূবাইল ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ২২:৩৭
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে অবস্থিত ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসক না আসার অভিযোগ উঠেছে। চিকিৎসকের দেখা না পেয়ে অনেক রোগী ও স্বজনকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। এতে সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে ওই স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করে দেখা যায়, প্রধান ফটক খোলা থাকলেও পুরো হাসপাতালজুড়ে ছিল অনেকটা নীরব পরিবেশ। এ সময় কয়েকজন নারী, শিশু ও পুরুষ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। কেউ চিকিৎসকের খোঁজে, আবার কেউ পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ নিতে আসেন। তবে চিকিৎসকের কক্ষ খালি থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে যান।

সরেজমিনে অবস্থানকালে মেডিকেল অফিসার ডা. ফারজানা হককে হাসপাতালে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি এই প্রতিষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন না। ফলে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালসংলগ্ন তিনতলা ডরমিটরিতে মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ কর্মকর্তা-কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের দাবি, সেখানে নিয়মিত সবাই অবস্থান করেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, পূবাইল বাজার, কুদাব, বসুগাঁও, নারায়ণকুল, হারবাইদ, তালটিয়াসহ আশপাশের এলাকার মা, শিশু ও কিশোরীদের জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নিয়মিত চিকিৎসক না থাকায় অনেকে বাধ্য হয়ে উপজেলা সদর কিংবা গাজীপুর জেলা সদরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

ষাটোর্ধ্ব আমেনা বলেন, “এলাকার মা ও শিশুদের জন্য সরকার হাসপাতালটি করেছে। কিন্তু এখানে ডাক্তার নিয়মিত থাকেন না, ওষুধেরও সংকট রয়েছে। আমরা চাই নিয়মিত ডাক্তার আসুক এবং মা ও শিশুরা এখান থেকে সেবা পাক।”

স্থানীয় গার্মেন্টসকর্মী মনোয়ারা বেগম বলেন, “শারীরিক সমস্যা নিয়ে এই মাসে অন্তত তিনবার হাসপাতালে এসেছি। এসে দেখি ডাক্তার নেই। বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য আমার নেই।”

পার্শ্ববর্তী তালটিয়া এলাকার বাসিন্দা আয়েশা বলেন, “ছোট ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। ডাক্তার না থাকায় বাড়ি ফিরে যাচ্ছি। দুই-একদিন পর আবার আসব। মাঝেমধ্যে ডাক্তার পাই, আবার মাঝেমধ্যে পাই না। এখানে বিনা খরচে চিকিৎসা পাওয়া যায় বলেই বারবার আসি।”

স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার নিপা বলেন, “আমি এখানে সংযুক্তিতে আছি। কখনো ডিউটি ফাঁকি দিই না। রাত-দিন ২৪ ঘণ্টা হাসপাতালে থেকে নরমাল ডেলিভারি করাই এবং কোয়ার্টারে থাকি।”

তিনি আরও বলেন, “আমার সঙ্গে দুই-একজন সহকারী থাকলে কাজের চাপ কিছুটা কমত।”

তালটিয়া এলাকার বাসিন্দা শাহিন মোল্লা বলেন, “গ্রামীণ এলাকার গর্ভবতী মা, নবজাতক ও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যই এই কেন্দ্র করা হয়েছে। সেখানে যদি নিয়মিত চিকিৎসক না থাকেন, তাহলে সেবাপ্রত্যাশীরা কার কাছ থেকে চিকিৎসা নেবেন?”

তবে অনিয়মিতভাবে হাসপাতালে আসার অভিযোগ অস্বীকার করে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. ফারজানা হক বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সত্য নয়। হাসপাতালে রোগীরা সাধারণত ১০টার পর আসেন, যে কারণে আমিও কখনো কখনো দেরিতে যাই। সব রোগী আমি দেখি না; গুরুত্বপূর্ণ রোগীদের দেখি।”

১৯ আগস্ট দুপুর ১২টার পর হাসপাতালে আসার কারণ জানতে চাইলে ডা. ফারজানা হক বলেন, “আমি গাজীপুর সদরে ছিলাম। আমার ওপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।”

এ বিষয়ে গাজীপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী বলেন, “ডা. ফারজানা হককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অনিয়মিত অফিস করার অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা মোবাইল ফোনে ঢাকা টাইমসকে বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আগামীকাল অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।”

স্থানীয়দের দাবি, মিরের বাজারের এই মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা হলে পূবাইলসহ আশপাশের কয়েকটি এলাকার বিপুলসংখ্যক নারী ও শিশু সরকারি স্বাস্থ্যসেবা পেতে পারেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপ চান তারা।

(ঢাকা টাইমস/১৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেপ্তার
এ বছরই কিম জং উনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, জানালেন নিজেই
ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট
ফরিদপুরে মোটরসাইকেলের সঙ্গে পথচারীর ধাক্কায় নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা