পথশিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে পুরস্কার, খেলাধুলার আয়োজন

সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় পরিচালিত সাপ্তাহিক শিক্ষা কার্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে দিয়ে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় পরিচালিত এ শিক্ষা কার্যক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
নতুন উদ্যোগের অংশ হিসেবে শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকেরা বলছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার প্রতিও আগ্রহ বাড়বে।
এ ছাড়া শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকে শিশুদের পড়াশোনার অগ্রগতি ও মূল্যায়নের ভিত্তিতে কয়েকজনকে পুরস্কৃত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুরস্কার পাওয়ায় শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ আরও বেড়েছে।
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের অপরাধপ্রবণতার দিকে ঠেলে দেওয়া কিংবা স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠেকাতে তাদের মধ্যে ন্যূনতম শিক্ষার আলো থাকা প্রয়োজন। এ কারণে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব শিশু স্বাভাবিক জীবনযাপনের অনেক সুযোগ থেকে বঞ্চিত। খেলাধুলা ও বিনোদনের সুযোগও তাদের খুব কম। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলাধুলা শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখবে।
শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়া শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের উদ্যোগ তাদের জন্য নতুন অভিজ্ঞতা। তাদের কয়েকজন জানায়, পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও সুযোগের অভাবে তারা নিয়মিত এসব করার সুযোগ পায় না।
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করা গেলে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ হবে। একই সঙ্গে শিক্ষার মাধ্যমে তাদের সচেতন করে অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বার্থান্বেষী মহলের অপব্যবহার থেকে সুরক্ষা দেওয়াও সম্ভব হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































