শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলামের সাথে তারই বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে আহসানের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি চাচার ভোগদখলে থাকা ওই জমিতে কলা গাছের চারা রোপণ করেন ভাতিজা। পরে ওইসব চারা কেটে ফেললে ১ সেপ্টেম্বর আহসান ক্ষিপ্ত হয়ে চাচাকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











