ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল ঠেকাতে কঠোর অবস্থানে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:২৮
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতায় হকারমুক্ত ফুটপাত, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে কাজ করছে ডিএনসিসি।

শনিবার জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর প্রধান লক্ষ্য নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি ও পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। একই সঙ্গে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রশাসক জানান, বর্তমানে ডিএনসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত প্রায় ৮০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নগরবাসী ও সিটি করপোরেশনের সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন।

সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় হাউজিং সোসাইটি, মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে বলেও জানান তিনি।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের সামনে দীর্ঘদিন অবৈধভাবে দখলে থাকা ফুটপাত উদ্ধার করা হয়েছে। জনগণের চলাচলের সুবিধার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ফুটপাত পুনর্দখল ঠেকাতে স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শহরের সামগ্রিক উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক এবং তেজগাঁও, মোহাম্মদপুর, ইন্দিরা রোড ও রাজাবাজার এলাকার বাসিন্দারাও এতে অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, নিরাপত্তা নিয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী
খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আদালতে পুলিশকে শাসালেন আখতারুজ্জামান, ছুড়ে ফেললেন হেলমেট
ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে আজ