ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনায় মোড়ানো নগ্ন ভাস্কর্য ‘অন্যায়ের রাজা’

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:৫০
অ- অ+

ইউরোপীয় পার্লামেন্টের প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক নগ্ন ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। ৮ দশমিক ৫ ফুট উচ্চতার তামার তৈরি ভাস্কর্যটি ২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো। শিল্পকর্মটির নাম ‘দ্য অরেঞ্জ প্লেগ’। এটিকে ‘অন্যায়ের রাজা’ নামেও অভিহিত করা হচ্ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রাঙ্গণে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। ডেনমার্কের শিল্পী ইয়েন্স গালশিওট এটি তৈরি করেছেন।

ভাস্কর্যে ট্রাম্পকে নগ্ন অবস্থায় অপেক্ষাকৃত ছোট ও দুর্বল এক ব্যক্তির কাঁধের ওপর বসে থাকতে দেখা যায়। তার উরু ও ঝুলে থাকা পেট ওই ব্যক্তির মাথার চারপাশে চেপে রয়েছে। এক হাতে ট্রাম্পের ধরা দীর্ঘ একটি গলফ ক্লাব, অন্য হাতে রয়েছে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা।

ভাস্কর্যের বেদিতে লেখা রয়েছে, ‘আমি একজন মানুষের পিঠে বসে আছি। আমার ভারে সে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করতে আমি সবকিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’

শিল্পী গালশিওট বলেন, পরিবেশবিষয়ক অবস্থান এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি ট্রাম্পের কথিত হুমকিকে প্রতীকীভাবে তুলে ধরতেই এই শিল্পকর্ম তৈরি করা হয়েছে। তার দাবি, ট্রাম্প তার বিশ্বাসের প্রায় সবকিছুকেই ধ্বংস করছেন।

তবে এই ভাস্কর্য ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে না। প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতা করেছেন ডেনমার্কের রাজনীতিক পার ক্লাউসেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা নির্দিষ্ট নিয়ম মেনে পার্লামেন্ট প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করতে পারেন।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেস সার্ভিস জানিয়েছে, প্রশাসনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দলের সদস্যদের নিয়ে গঠিত কোয়েস্টররা প্রদর্শনীটির অনুমোদন দিয়েছেন। নিয়ম অনুযায়ী, কোনো প্রদর্শনীকে আপত্তিকর, উসকানিমূলক, ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধবিরোধী কিংবা পার্লামেন্টের মর্যাদাহানিকর মনে হলে তা অনুমোদন না দেওয়ার সুযোগ রয়েছে।

গালশিওট এর আগে আশঙ্কা করেছিলেন, তার প্রদর্শনীটি হয়তো অনুমোদন পাবে না। অনুমোদন পাওয়াকে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের এক ধরনের নীরব সম্মতি হিসেবে দেখছেন।

ট্রাম্পকে নগ্ন হিসেবে উপস্থাপনের পেছনে প্রতীকী অর্থও রয়েছে বলে জানান শিল্পী। তিনি ডেনমার্কের বিখ্যাত লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোদস’ গল্পের প্রতি ইঙ্গিত করেছেন। ওই গল্পে অহংকারী এক সম্রাট নগ্ন অবস্থায় মানুষের সামনে ঘুরে বেড়ান।

রাজনৈতিক ব্যঙ্গের জন্য পরিচিত গালশিওটের উল্লেখযোগ্য শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে ‘পিলার অব শেম’। ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কয়ারের হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে তৈরি ওই ভাস্কর্যটি ২০২১ সালে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

‘দ্য অরেঞ্জ প্লেগ’ প্রদর্শনীটি বৃহস্পতিবার পর্যন্ত থাকার কথা রয়েছে। এর সঙ্গে এক হাজারের বেশি ত্রিমাত্রিক মুদ্রিত ছোট ভাস্কর্যও রাখা হয়েছে। পথচারীদের এসব ক্ষুদ্র ভাস্কর্য ‘প্রতিবাদের প্রতীক’ হিসেবে দেওয়া হচ্ছে।

প্রদর্শনীর পৃষ্ঠপোষক পার ক্লাউসেন ডেনমার্কের সমাজতান্ত্রিক রেড-গ্রিন অ্যালায়েন্স দলের সদস্য। ২০২৪ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পার্লামেন্টের বামপন্থি ‘দ্য লেফট’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন।

ক্লাউসেন বলেন, বিশ্বে ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে আলোচনা প্রয়োজন। ট্রাম্পের কর্মকাণ্ড ইউরোপের মানুষের জন্য বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপ কীভাবে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সক্ষমতা জোরদার করতে পারে, সে বিষয়েও আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

‘দ্য অরেঞ্জ প্লেগ’ এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনসহ বিভিন্ন আয়োজনে প্রদর্শিত হয়েছে। আগামী মাসে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

গালশিওট তার পুরোনো শিল্পকর্ম ‘পিলার অব শেম’-এর সঙ্গে ট্রাম্পের নতুন ভাস্কর্যের যোগসূত্রও দেখছেন। তার ভাষায়, উভয় শিল্পকর্মের কেন্দ্রীয় বিষয় হলো ক্ষমতাবান ও ক্ষমতাহীন মানুষের মধ্যকার সম্পর্ক।

(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রচারণা শুরু
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম উপসর্গে চার শিশুর মৃত্যু,  আক্রান্ত ১৪২৮