সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:০৩
অ- অ+

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে এবং জব্দ করা হবে মালামাল। অবৈধ হকারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। এসব দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন। মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ নেই। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে আবদুস সালাম বলেন, আগামী সপ্তাহেই সেখানে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।

মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।

‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা
আজকের শিক্ষার্থী ও যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে: এমপি জাহাঙ্গীর আলম 
চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল