চিকিৎসা নিতে হাসপাতালে, জরুরি বিভাগেই পিটুনির শিকার স্বেচ্ছাসেবক দল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জরুরি বিভাগের ভেতরেই মারধরের শিকার হয়েছেন জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ ঘটনায় ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এতে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানো হচ্ছে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারতেও দেখা যায়। মারধরে রক্তাক্ত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে সন্ধ্যায় শাহেদ ও জুয়েলদের মধ্যে বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হয়ে জুয়েল চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। অভিযোগ অনুযায়ী, শাহেদ তার অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনে জুয়েলকে মারধর করেন। পরে জুয়েল হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে আশ্রয় নিলে সেখানেও গিয়ে তাকে মারধর করা হয়।
এ বিষয়ে শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার ঘটনা দুঃখজনক। সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় তারাও আতঙ্কে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











