যশোর জেনারেল হাসপাতালে নারীকে যৌন হয়রানির অভিযোগ, পুরুষ আটক

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে এক পুরুষকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি হলেন সুজল মজুমদার (৪৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে।
অভিযোগকারী নারী যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার মেয়ে এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চর্মরোগের চিকিৎসার জন্য তিনি যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখাতে আসেন।
অভিযোগ অনুযায়ী, চিকিৎসক দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুজল মজুমদার পেছন দিক থেকে তাকে যৌন হয়রানি করেন। বিষয়টি নিয়ে ওই নারী অভিযোগ করলে হাসপাতালে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হেফাজতে নেন।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনো থানায় এসে পৌঁছায়নি, আসার পর ঘটনা বিস্তারিত জেনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































